Tepantor

নিহত জয়নালের পরিবারকে প্রবাসীদের ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা

7 July, 2020 : 5:25 pm

মো.সফর মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের নিহত জয়নাল সরকারের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো লাউর ফতেহপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন। নিহত জয়নালের মায়ের হাতে তুলে দেয়া হয়েছে নগদ এক লক্ষ টাকা অনুদান। ভবিষ্যতে যে কোন পরিস্থিতিতে নিহত জয়নালের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

মঙ্গলবার ব্যারিষ্টার জাকির আহম্মেদ কলেজ মিলনায়তনে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে লাউর ফতেহপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ হতে দেয়া ওই অর্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ উপস্থিত থেকে নিহত জয়নালের মায়ের হাতে তুলে দেন।
এ সময় তিনি নিহত জয়নালের ছোট ছেলে মোস্তাকিমের উদ্দেশ্যে বলেন, আমি না থাকলেও আমার এলাকার বিদ্যালয় ও আমার প্রতিষ্ঠিত কলেজ কর্তৃপক্ষ সব সময় তার পাশে থাকবে। শুধু নিহত জয়নালের ছেলের বেলায় না, সকল দরিদ্র পরিবারের সন্তানদের বেলায়ও আমরা সব সময় সহযোগিতা করে যাব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিহত জয়নালের মা, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ আল মাসুম, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, অধ্যাপক মাহাবুবুল আলম, প্রধান শিক্ষক শাহজাহান কবির, আল আমিন খান, ফিরুজ মেম্বার, ইদন মেম্বার, মজনু রানাসহ আরো অনেকে। এ সময় নিহত জয়নালের পরিবারের সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নিহত জয়নালের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন হাফেজ মো. দেলোয়ার হোসেন।
উল্লেখ্য গত ২৩ জুন মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘর থেকে ডেকে নিয়ে ৩৫ বছর বয়সী জয়নাল সরকারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত জয়নাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৫দিন চিকিৎসাধীন থেকে ২৮ জুন রবিবার বিকেলে মৃত্যুবরণ করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array