Tepantor

চেয়ারম্যান মাসুদ রানা’র মুক্তির দাবিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরাম এর প্রতিবাদ সভা

9 March, 2021 : 5:56 pm

মো. সফর মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ রানা’র মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে নবীনগর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরাম। আজ মঙ্গলবার বিকেলে নবীনগরস্থ নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরামের সভাপতি মো. ফিরোজ মিয়ার কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবীনগর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরাম’র সকল সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে কারাগারে থাকা ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা’র মুক্তির দাবি জানান এবং আগামী ১৪ মার্চ রবিবার উপজেলা পরিষদ রোডে মানববন্ধন, যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচীর ঘোষণা করেন। এছাড়াও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইউপি চেয়ারম্যান মাসুদ রানা’র মুক্তির দাবিতে প্রচার প্রচারণা লক্ষ্য করা গেছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরাম এর সভাপতি মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরাম এর সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, নাটঘর ইউপি চেয়ারম্যান ডা. আবুল কাশেম, শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল, বড়াইল ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মুসা, রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান মৌসুমী বারী, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহার হোসেন জামালসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ২০১৭ সালের ১ মার্চ উপজেলার জগন্নাথপুর গ্রামে গণপিটুনিতে নিহত হন এলাকার চি‎িহ্নত মাদক ব্যবসায়ী ও হক ডাকাত হিসেবে পরিচিত খন্দকার এনামুল হক এবং তার আত্মীয় ইয়াসিন মিয়া। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় সাতমোড়া ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানাসহ ২৮জনকে অভিযুক্ত করে ২০১৮ সালে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার ওই মামলায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array